

ডেস্ক রিপোর্ট: বেলারুশ থেকে নিয়মিত বিরতিতে পাচারকারীদের পাঠানো গ্যাস বেলুন নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে লিথুয়ানিয়া। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একইসঙ্গে পুলিশ ও সীমান্তরক্ষীদের সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিতে পার্লামেন্টের কাছে আবেদন করেছে সরকার। ইতস্তত ভেসে আসা এসব আবহাওয়া পর্যবেক্ষণ বেলুনের কারণে লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দর বেশ কয়েকবার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, বেলারুশ থেকে এসব বেলুনের মাধ্যমে সিগারেট পাঠায় চোরাকারবারিরা। দেশটি এগুলোকে “হাইব্রিড হামলা” হিসেবে দেখছে। লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ কন্দ্রাতোভিচ বলেন, জরুরি অবস্থা শুধু বেসামরিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেও ঘোষণা করা হয়েছে। তাই সরকার পার্লামেন্টকে অনুরোধ করেছে, জরুরি অবস্থায় সেনাবাহিনীকে একক বা যৌথভাবে পুলিশ, সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজের ক্ষমতা দিতে। পার্লামেন্ট অনুমোদন দিলে সেনাবাহিনী নির্দিষ্ট এলাকার প্রবেশাধিকার
নিয়ন্ত্রণ, যানবাহন থামিয়ে তল্লাশি, ব্যক্তির পরিচয়পত্র ও মালপত্র পরীক্ষা, এবং অপরাধ সন্দেহভাজন বা প্রতিরোধকারীদের আটকের ক্ষমতা পাবে।