

ধোবাউড়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ধোবাউড়ায় এলজিইডি সড়কে চলমান অতিরিক্ত বোঝাই করা বালুর ট্রাক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পরিষদ। সড়ক পরিবহন আইন ভঙ্গ করে অতিরিক্ত বোঝাই করা বালুর ট্রাক আটকিয়ে জরিমানা করছেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। এ নিয়ে শ্রমিক নেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যান ডেভিড রানার সহযোগিতায় ২২ টি বালু বোঝাই ট্রাক আটক করা হয়েছে। এর মাঝে দুটি ট্রাকের চালককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এঘটনায় শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিক নেতারা জানান ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের নির্দেশে ট্রাক রেখে চালকরা চলে যায়। এমনকি বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় সারিসারি ট্রাক দাড়িয়ে থাকায় দূর্ভোগে পড়ে সাধারন মানুষ। এদিকে রাতে জুলহাস নামের এক ট্রাক চালককে মারধর করেছে মাহিন্দ্র লড়ি সমিতির নেতা ওবায়দুল।এনিয়ে বৃহস্পতিবার সকালে উত্তেজনা বিরাজ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনায় বসেন শ্রমিক নেতারা। এতে বাস চলাচলের সিদ্ধান্ত হয় এবং প্রতিটি ট্রাকের চালককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান অতিরিক্ত বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান নিয়ম অনুযায়ী এলজিইিডি সড়কে ১০/১২ টনের বেশী পন্য চলতে পারেনা। শ্রমিক নেতাদের বলা হয়েছে যেন কম বালু বোঝাই করা হয়।