

ডেস্ক রিপোর্ট: গত ঈদে বেজায় হল সংকটে পড়েছিল সিনেমাওয়ালারা। দুইশ’ হলের বাংলাদেশে একসঙ্গে তিনের অধিক ছবি মুক্তি পাওয়া মানেই সংকট তৈরি হওয়া। আসছে ঈদে সেই সংকটের মাত্রা বাড়বে আরও। কারণ, এবার আরও বড় ও বেশি ছবি মুক্তি পাচ্ছে।
তবে সেই দুশ্চিন্তা ছাপিয়ে আপাতত ঢালিউড মজে আছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর টিজার, পোস্টার, ট্রেলার, গান আর বাহারি প্রচারণায়। এরমধ্যে আজ সোমবার (১২ জুন) বেলা ৪টা নাগাদ অন্তর্জালে একরকম আগুন ধরিয়ে দিলেন নির্মাতা রায়হান রাফী! এদিন প্রকাশ হলো ‘সুড়ঙ্গ’ ছবির আইটেম গান ‘কলিজা আর জান’।
প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া এই গানের মূল পাত্রী নুসরাত ফারিয়া হলেও চমকে দিলেন নায়ক আফরান নিশোও। ফারিয়ার কোমর দোলানোর তালে টিভি পর্দার এই ভার্সেটাইল অভিনেতা যেভাবে নিজেকে উদ্দাম নাচালেন, তা উপভোগ্য বটে।
অনেকেই ভেবেছেন, অভিষেক সিনেমাতেও আফরান নিশোকে পাওয়া যাবে টিভি পর্দার আদলে; তারা এবার সম্ভবত নতুন করে গুছিয়ে নেবেন পুরনো মন্তব্য। নিশোর বিপরীতে গানজুড়ে নুসরাত ফারিয়া যথারীতি নাচের মুদ্রায় আর শরীরী ভাষায় দৃষ্টিনন্দন।