

সম্পাদকীয়: বৈদেশিক ঋণ পরিশোধে অক্ষমতার ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। তবে সংকট শ্রীলঙ্কার একার নয়। খাদের কিনারায় রয়েছে আরও ডজনখানেক দেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি আর বিশ্ব বাজারে বিশৃঙ্খলার মতো বিপদগুলো এরইমধ্যে এই দেশগুলোকে চোখ রাঙাতে শুরু করেছে। অর্থনৈতিক দিক থেকে খুবই বাজে অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা, লেবানন, রাশিয়া, সুরিনাম ও জাম্বিয়া। এই দেশগুলো ইতোমধ্যেই ঋণ খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রায় কাছাকাছি অবস্থায় রয়েছে বেলারুশ। প্রায় ৪০ হাজার কোটি ডলার ঋণের বোঝা বহন করতে হচ্ছে এই দেশগুলোকে। এর মধ্যে শুধু আর্জেন্টিনাকেই সর্বোচ্চ ১৫ হাজার কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। ইকুয়েডর ও মিশরকে পরিশোধ করতে হবে চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলারের ঋণ। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বিশ্ববাজার শান্ত হয়ে এলে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সমর্থন পেলে কিছু দেশের পক্ষে হয়তো খেলাপি হওয়ার মতো পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তবে এরপরও কিছু দেশের জন্য ঝুঁকি থেকে যাবে।খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা ১২টি দেশ আর্জেন্টিনা, ইউক্রেন, তিউনিসিয়া, ঘানা, মিসর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভেদর, পাকিস্তান, বেলারুশ, ইকুয়েডর ও নাইজেরিায়া। যদি অর্থসংকট সমাধান না হয় তাহলে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়বে। জাতিগত বিদ্বেস বাড়বে। শান্তিময় পৃথিবীতে অশান্তির আগুন জ্বলে উঠবে। এটি কারো কাম্য হতে পারে না।