মাদ্রাসায় মাতৃভাষা চর্চা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহতায়ালা পৃথিবীতে প্রত্যেক নবী-রাসুল (আ.)-কে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে কারিমে এসেছে, ‘আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী (মাতৃভাষী) করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য।’ (সুরা ইবরাহিম, আয়াত :৪)। এজন্য সুদীর্ঘ ইসলামি ইতিহাসের প্রতিটি যুগের আলেমরাও তাদের মাতৃভাষা চর্চায় সাধারণ শিক্ষিতদের চেয়ে এগিয়ে ছিলেন। আরবি-ফার্সি-উর্দু মুসলিমদের বৃহৎ এই তিনটি ভাষার দিকে তাকালেই ভাষা-সাহিত্যে আলেমদের অসামান্য অবদান চোখে পড়ে। কিন্তু এক্ষেত্রে কিছুটা পিছিয়ে
বাংলা ভাষাভাষী আলেমরা, বিশেষত বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে পড়েন যেসব আলেম, তারা। একথা বললে অসত্য হবে না যে, বাংলা ভাষা ও সাহিত্য চর্চার মূলধারায় তারা সেভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারেননি। তবে আশার কথা হলো— অনেক দেরিতে হলেও আমাদের দেশের কওমি পড়ুয়া আলেমরা এখন মাতৃভাষা চর্চায় জোর দিচ্ছেন এবং আগের যেকোনও সময়ের চেয়ে বাংলা ভাষা চর্চার প্রতি বেশি মনোযোগী হয়েছেন। বিগত দিনগুলোতে এ অঙ্গনের কয়েকজন আলেমের প্রচেষ্টায় দেশের কওমি মাদ্রাসাগুলোতেও এখন মাতৃভাষা বাংলা চর্চা দিন দিন উন্নতি হচ্ছে। কওমি মাদ্রাসায় মাতৃভাষা চর্চা কীভাবে হচ্ছে, সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ডভুক্ত (বেফাক ইত্যাদি) মাদ্রাসাগুলোতে নির্দিষ্ট শ্রেণি পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, ভুগোল, সমাজ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে বাধ্যতামূলক পাঠদান করা হয়। পাশাপাশি বড় বড় মাদ্রাসায় বাংলা ভাষা চর্চার জন্য দেয়াল পত্রিকা, পাঠাগার ও ছাত্রদের সাহিত্য কাফেলাও আছে। দেশের ইসলামি অঙ্গনে কওমি পড়ুয়া যেসব লেখক আছেন, তাদের বেশিরভাগই মাদ্রাসার এসব নিয়মিত কার্যক্রমে অংশ নিয়ে বাংলা শিখেছেন। পাশাপাশি তাদের লেখক হওয়ার পেছনে নিজেদের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টার অবদানটাই অবশ্য বেশি। আমরা দেশের চার প্রান্তের চারটি বৃহৎ কওমি মাদ্রাসায় বাংলা চর্চায় কী কী কার্যক্রম রয়েছে, সে বিষয়ে খোঁজ নিয়েছি। রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেছেন, ‘একজন আলেমের গুরু দায়িত্ব হলো— তার অর্জিত ইলম অন্যের কাছে পৌঁছে দেওয়া। আর এজন্য ভালো করে মাতৃভাষা শেখাটা খুব জরুরি। তাই আমরা শুরু থেকেই এখানের সিলেবাসে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা অন্তর্ভুক্ত করেছি। পাশাপাশি আমাদের মাদ্রাসায় মাতৃভাষায় সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ ও নিয়মিত দেয়ালিকা প্রকাশ করা হয় এবং মাঝেমধ্যে বক্তৃতা, প্রবন্ধ ও কবিতা রচনা-আবৃত্তির প্রতিযোগিতারও আয়োজন করা হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code