

ডেস্ক নিউজ:দেশ আজ মহাবিপর্যয়ের মুখোমুখি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশ আজ ধ্বংসের কাছাকাছি। মহাবিপর্যয়ের মুখোমুখি আমরা। বিনাভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে হত্যা করেছে। যে হারে লুটপাট হয়েছে- সেই অর্থনীতি মেরামত করা সম্ভব হবে না। দেশ রক্ষার আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসলামের মতো নেতা আজ খুব প্রয়োজন ছিল।’
রবিবার (৬ নভেম্বর) বিকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ আরও বলেন, এই সরকারের লাগাতার লুটপাট, ও ডলার পাচারের কারণে আজ দেশে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছিলেন- লোডশেডিংকে জাদুঘরে পাঠানো হয়েছে। কিন্তু দেশবাসী এখন প্রতিনিয়ত লোডশেডিংয়ের কবলে পড়ছে; দেশে গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে।