

ইন্টারন্যাশনাল ডেস্ক: হংকংয়ের একটি আদালত বর্তমানে বন্ধ থাকা স্ট্যান্ড নিউজের দুই সাবেক সম্পাদক চুং পুই-কুয়েন ও প্যাট্রিক ল্যামকে রাষ্ট্রদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করেছে। চীনা শাসিত শহরটিতে নিরাপত্তা দমন অভিযানের মধ্যে বৃহস্পতিবারের (২৯ আগস্ট) রায়টি আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
২৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে। রায়ে তাদের দুই বছরের কারাদণ্ড হতে পারে। ১৯৯৭ সালে হংকং ব্রিটেন থেকে চীনের হাতে হস্তান্তরের পর এটি প্রথমবারের মতো কোনও সাংবাদিক বা সম্পাদককে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হলো।সমালোচকরা, বিশেষ করে মার্কিন সরকার বলছে, এই মামলা হংকংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্রমবর্ধমান অবনতির প্রতিফলন।