

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড। জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থে আঘাত হানতে চেয়েছিলেন বলে তাকে হত্যা করার যে অজুহাত ওয়াশিংটন দাঁড় করিয়েছিল তার প্রমাণ করা যায়নি বলে ক্যালামার্ড তার তদন্ত প্রতিবেদনে বলেছেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদে বৃহস্পতিবার (০৯ জুলাই) ক্যালামার্ডের প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। এতে তিনি বলেছেন, সোলাইমানি আমেরিকার স্বার্থে আঘাত করতে চেয়েছিলেন, ওয়াশিংটন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ক্যালামার্ডের প্রতিবেদনের উদ্ধৃতি প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল সোলায়মানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি-নির্ধারণী ভূমিকা পালন করতেন। কিন্তু মার্কিন দাবির বিপরীতে তিনি (মানুষের) জীবনের জন্য অত্যাসন্ন কোনো হুমকি ছিলেন না। কাজেই যুক্তরাষ্ট্র তাকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আত্মরক্ষার অজুহাতে তৃতীয় কোনো দেশে আরেকটি দেশের সেনা কমান্ডারের ওপর এই প্রথম এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে।