

ডেস্ক রিপোর্ট: প্রধান ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মরত আছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। কর্মরত থাকা অবস্থায় বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বিসিবিতে কর্মরত অবস্থায় এ ধরনের আচরণ বিধির লঙ্ঘন। ফলে সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে মিরপুরে তলবও করা হয়েছে।
রকিবুল হাসানকে এর আগেও বিসিবির নানা কর্মকাণ্ডে বিভিন্ন সময় চাঁছাছোলা মন্তব্য করতে দেখা গেছে। বিসিবি তখনও তাকে মৌখিকভাবে সতর্ক করেছিল। কিন্তু সেসবে কর্ণপাত করেননি তিনি। নতুন করে মাহমুদউল্লাহর বাদ পড়াসহ বোর্ডের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন। যা নিয়ে বিব্রত বিসিবি সভাপতি নাজমুল হাসানও।
এর আগে সোমবার ‘ক্রিকেট অঙ্গন’ নামের ব্যানারে সরকার বিরোধী মিছিলে অংশ নেওয়ার পর পদত্যাগ করেছেন আরেক ম্যাচ রেফারি দেবব্রত পাল। তাকেও রকিবুল হাসানের মতো বিসিবি তলব করার কথা জানিয়েছিল। কিন্তু দেবব্রত এর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।