

যুক্তরাষ্ট্র অফিস: মস্কো ও পশ্চিমাদের মধ্যে বন্দিবিনিময়ের অংশ হিসেবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ ও সাবেক মার্কিন কর্মকর্তা মেরিন পল হুইল মুক্তি পেয়েছেন। ২৪ জন বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের ছেড়ে দিয়েছে রাশিয়া। শীতল যুদ্ধের অবসানের পর এ ধরণের বৃহত্তম বন্দিবিনিময়ের ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, রাশিয়া, জার্মানি ও অন্য তিন রাষ্ট্রের সঙ্গে এই বিনিময় নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। এক বছরেরও বেশি সময় ধরে গোপনীয়তার সঙ্গে এই আলোচনা করা হয়। চুক্তিটির আওতায় মোট ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জনকে রাশিয়া থেকে পশ্চিমে পাঠানো হয়েছে। আর পশ্চিমে আটক আট বন্দিকে রাশিয়ায় ফেরত পাঠানো হয়। জার্মানি নিশ্চিত করেছে, এই চুক্তিতে বার্লিনে নির্বাসিত ভিন্নমতাবলম্বীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ভাদিম ক্রাসিকভের নামও ছিল। চুক্তিটিকে ‘কূটনীতি ও বন্ধুত্বে’র একটি প্রয়াস হিসেবে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের মিত্রদের এই ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য প্রশংসাও করেছেন তিনি।